মৌলভীবাজার শহরের মনু নদীর তীরে নির্মিত দৃষ্টিনন্দন পর্যটন প্রকল্প ‘মনু রিভার ভিউ’-এর ১১ কোটি টাকার ওয়াকওয়ে উদ্বোধনের আগেই ফাটল ও ধসের ঝুঁকিতে পড়েছে। অনিয়ম ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্পটির বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
শহরের শান্তিবাগ এলাকায় প্রায় ৪৫০ শতক জমির ওপর নির্মিত এই পর্যটন কেন্দ্রের আওতায় সাধারণ মানুষের হাঁটার জন্য ৬০০ মিটার দীর্ঘ একটি ওয়াকওয়ে তৈরি করা হয়। তবে সরেজমিনে দেখা গেছে, ওয়াকওয়ের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে এবং একাধিক জায়গায় মাটি দেবে গেছে। কোথাও কোথাও আরসিসি ঢালাই ভেঙে ভেতরের রড বেরিয়ে এসেছে, যা পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
স্থানীয়রা জানান, প্রকল্পে নিরাপত্তা ও তদারকির অভাবে ইতোমধ্যে শতাধিক লাইট ও বৈদ্যুতিক বাতি চুরি হয়ে গেছে। ল্যাম্পপোস্টগুলোর অনেক স্থানে শুধু খোলা তার ঝুলে রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এলাকাটি রাতে মাদকসেবী ও ছিনতাইকারীদের আড্ডাস্থলে পরিণত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেন, কোটি টাকার উন্নয়ন প্রকল্পে উদ্বোধনের আগেই এমন ত্রুটি কেন দেখা দিল, তা খতিয়ে দেখা এবং দায়ীদের চিহ্নিত করা জরুরি।
এ বিষয়ে মৌলভীবাজার পৌরসভার উপসহকারী প্রকৌশলী আব্দুল মুমিন বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা মেরামতের উদ্যোগ নেব এবং নতুন কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে।’
অন্যদিকে মৌলভীবাজার পৌর প্রশাসক রুবেল মাহমুদ জানান, খুব শিগগিরই একটি টেকনিক্যাল কমিটি গঠন করে প্রকল্পটি পরিদর্শন করা হবে এবং প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে।
পৌরসভার তথ্যমতে, মনু নদীর পাড়ে নির্মিত এই পর্যটন কেন্দ্রটি স্থানীয় বিনোদন ও নদীতীর রক্ষার উদ্দেশ্যে বাস্তবায়ন করা হয়, যেখানে ব্যয় ধরা হয় প্রায় ১১ কোটি টাকা। তবে উদ্বোধনের আগেই প্রকল্পটির এমন অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন