মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় মেঘনা নদীতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়া একটি যাত্রীবাহী লঞ্চের ১২০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে ১২০ জন যাত্রী নিয়ে ‘সমতা অ্যান্ড সমৃদ্ধি’ নামের একটি লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে গজারিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে লঞ্চটির প্রপেলার শ্যাফটের নাট ভেঙে যায়। এতে তীব্র যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মাঝ নদীতেই লঞ্চটি বিকল হয়ে পড়ে।
যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে লঞ্চের চালক গজারিয়া লঞ্চঘাটের সামনে মেঘনা নদীতে লঞ্চটি নোঙর করেন।
খবর পেয়ে গজারিয়া নৌ পুলিশ ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে এবং আতঙ্কিত যাত্রীদের আশ্বস্ত করে।
পরে নৌ পুলিশের উদ্যোগে ‘এম এল হাসান’ নামে আরেকটি যাত্রীবাহী লঞ্চের ব্যবস্থা করা হয়। বিকল লঞ্চে আটকে থাকা ১২০ জন যাত্রীকে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ওই লঞ্চে স্থানান্তর করে তাদের গন্তব্য চাঁদপুরে পাঠানো হয়।
নৌ পুলিশের এই দ্রুত ও মানবিক পদক্ষেপে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। উদ্ধার হওয়া যাত্রীরা নৌ পুলিশের তাৎক্ষণিক সহায়তায় সন্তোষ প্রকাশ করেন।
নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দিতে নৌ পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। তারা বলেন, ‘নৌপথে আস্থা, নৌ পুলিশ।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন