ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগিই উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শেষ বগিটিও উদ্ধার করা হয়। তবে রেললাইন মেরামতের কাজ শেষে বিকেল পৌনে ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো ঘটনাস্থলেই রেখে রাত ১২টা ২৫ মিনিটে ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। একই সময়ে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়।
ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা জানান, কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং সিস্টেমের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, রিলিফ ট্রেন ও উদ্ধারকারী দল রাতভর উদ্ধার অভিযান চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, উদ্ধারকারী দল সফলভাবে তিনটি বগি উদ্ধার করে। পরে বিকেলে রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। পরে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন