ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পোশাক শ্রমিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ ডিসেম্বে) ভোররাতের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বাগান এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান এলাকার একটি গ্যারেজের সামনে ট্রান্সপোর্টের অধীনে পোশাক শ্রমিক পরিবহনে নিয়োজিত বাস বিকল হলে মেরামতের জন্য রাখা হয়। পরে শনিবার ভোররাতে বাসটিতে আগুন দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় এক ব্যক্তি। পরে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের গ্লাস, সিটসহ অন্যান্য যন্ত্রাংশ পুড়ে যায়।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা ধারণা করছি নাশকতামূলক অগ্নিকাণ্ড হয়েছে। বাসের মালিককে থানায় মামলা করতে বলা হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

