নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে তিন স্বর্ণকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় ৪ জন আহত হন।
রোববার (২২ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।
এ ঘটনায় সুজন (২৬) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুজন উপজেলার আগুয়ান্দী গ্রামের হোসেনের ছেলে। তার নামে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
পুলিশ ও বাড়ির মালিক সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত ডাকাতদল বাড়িতে তাণ্ডব চালায়। তারা প্রতিটি বাড়ির কেচি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়।
এ সময় ডাকাতদল দয়াল রায়ের ঘর থেকে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ১০ ভরি রুপা ও নগদ ১০ হাজার টাকা; রাজন রায়ের ঘর থেকে ৬ ভরি ওজনের স্বর্ণালংকার, ৫ ভরি রুপা ও নগদ ৬০ হাজার টাকা; এবং সুজন রায়ের ঘর থেকে ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ১০০ ভরি রুপা ও নগদ ৩ লাখ টাকা লুটে নেয়।
এ সময় পরিবারের লোকজন ডাক-চিৎকার করলে ডাকাতদল ধারালো দা দিয়ে কুপিয়ে সাবেক ইউপি সদস্য ও স্বর্ণকার হারাধন রায়ের ছেলে দয়াল রায়, তার ভাগ্নে রাজন রায়, ভাগনে জামাতা সুজন রায় এবং প্রতিবেশী সিয়ামকে পিটিয়ে গুরুতর জখম করে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় সুজন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বাকি ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন