ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালে ভাসছিল ড্রাম, খুলতেই মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:১২ পিএম
নিহত মোহাম্মদ আলী।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে মোহাম্মদ আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) সকালে দক্ষিণ কদমতলীর নয়াপাড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মোহাম্মদ আলী ভোলার চরফ্যাশনের সাহাবুদ্দিনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, মরদেহের আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া থানার এসআই নুর আলম সিদ্দিকী বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের খালটিতে ড্রামটি ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে ড্রামটি তীরে এনে খুলে তার ভেতর মরদেহটি পাওয়া যায়।’

ওসি আব্দুল বারিক আরও বলেন, ‘নীল রঙের ড্রামটির ভেতর একটি রশি এবং নিহতের শরীরে আঘাতের বেশকিছু চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘ওই ব্যক্তিকে হত্যার পর রাতের কোনো এক সময় ড্রামের ভেতর মরদেহ ভরে খালে ফেলা হয়েছে বলে ধারণা করছি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’