নাটোরের লালপুর উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ও এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে লালপুর উপজেলার কচুয়া বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু ও বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সময় বিএনপি প্রার্থী পুতুলের কচুয়া বাজার এলাকার নির্বাচনি অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে।
স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর পক্ষ থেকে দাবি করা হয়েছে, গণসংযোগ চলাকালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে টিপুর সমর্থকদের অন্তত সাতজন আহত হন।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা মিছিল নিয়ে এসে কচুয়া বাজারে বিএনপির নির্বাচনি অফিসে হামলা চালান। এতে অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নষ্ট করা হয়। এ ঘটনায় বিএনপির তিনজন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ খলিলুর রহমান নামে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর এক সমর্থককে আটক করেছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন