ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতীয় মদসহ নেত্রকোনায় এক যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৪০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতীয় মদসহ এক যুবককে আটক করা হয়েছে। 

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার দিকে নেত্রকোনা মডেল থানাধীন হোসেনপুর ঢাকা বাসস্ট্যান্ড এলাকার ‘মা মেডিকেল হল’ নামের একটি ফার্মেসির সামনে রাস্তার ফুটপাত থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক হলেন নাটোর জেলার সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ছাতনী হাটখোলা গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে।

এ সময় তার কাছ থেকে কফি রঙের একটি স্কুল ব্যাগের ভেতর পুরাতন কাপড় দিয়ে মোড়ানো ভারতের তৈরি ‘আইস ভদকা’ ব্র্যান্ডের সাদা রঙের কাচের আট বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের প্রতিটি বোতলের ধারণক্ষমতা প্রায় পৌনে এক লিটার। এসব মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ২৪ হাজার টাকা।

একই দিন রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম অভিযানটি পরিচালনা করে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।