ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের ৮টি উপজেলার ৫১৩টি ভোটকেন্দ্রের ২৫৩৬টি কক্ষে ভোট গ্রহণ হবে। নিরাপত্তা বজায় রেখে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলার ৮টি উপজেলা পরিষদ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তারা ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ শুরু করেন।
পটুয়াখালী জেলায় মোট ১৫ লাখ ৯ হাজার ৫৮৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। পটুয়াখালী-১ আসনে ৫ জন, ২ আসনে ৪ জন, ৩ আসনে ৪ জন এবং ৪ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিরাপত্তা ব্যবস্থার জন্য মাঠে ২৬ প্লাটুন সেনা, ৭ প্লাটুন বিজিবি, ৬টি র্যাবের টিম, বিপুলসংখ্যক আনসার ও কোস্ট গার্ড সদস্যসহ দেড় হাজার পুলিশ এবং ৩০ জন ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে। এসব তথ্য পটুয়াখালী জেলা রিটার্নিং অফিস সূত্রে জানানো হয়।

