ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অপপ্রচার ও ভোট কেনার অভিযোগে সিলেটে বিএনপির সংবাদ সম্মেলন

সিলেট ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:৪৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

অপপ্রচার, ভয়ভীতি ও ভোট কেনার অভিযোগ এনে সিলেটে সংবাদ সম্মেলন করেছে জেলা ও মহানগর বিএনপি।

শনিবার (০৭ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট–১ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনি প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জেলা বিএনপির সভাপতি ও সংসদীয় আসনসমূহের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বিএনপি নেতারা অভিযোগ করেন, নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি রাজনৈতিক গোষ্ঠী বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। ধর্ম ব্যবহার করে ভোট প্রার্থনা, শিশু-কিশোরদের নির্বাচনি প্রচারে ব্যবহার, ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি এবং অর্থ বিতরণের মাধ্যমে ভোট কেনার অভিযোগও তোলা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং একাধিক আসনে বহিরাগতদের অস্বাভাবিক আনাগোনা দেখা যাচ্ছে। এ ছাড়া অবৈধ ব্যালট, সিল ও কালি উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে বিএনপি জানায়, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা নির্বাচন কমিশনের গোপনীয় ছবিযুক্ত ভোটার তালিকা অবৈধভাবে সংগ্রহ ও বিতরণ করছে, যা নির্বাচনি আইন লঙ্ঘন এবং ভোটারদের গোপনীয়তার পরিপন্থি।

বিএনপি নেতারা অবিলম্বে এসব অনিয়ম বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।