সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব-৯-এর যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, গত ২৭ জুন গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র ও বিস্ফোরক বাংলাদেশে প্রবেশ করিয়ে সীমান্তবর্তী এলাকায় মজুদ রাখা হয়েছে।
এ তথ্যের ভিত্তিতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ১৯ বিজিবি ও র্যাব-৯-এর সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল রাত আনুমানিক ১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা, অস্ত্র ও বিস্ফোরকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদক ও অন্যান্য চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত অভিযান ও সর্বক্ষণিক সতর্ক অবস্থানের ফলেই এ ধরনের অবৈধ চালান উদ্ধার ও প্রতিহত করা সম্ভব হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন