অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া কাজী এনায়েত উল্লাহর বেশ কয়েকটি বই পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ বইমেলায় তার বইগুলো পাঠকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে: ‘দ্য লিভিং ওয়ার্ল্ড’, ‘সময়ের প্রেক্ষিতে’, ‘নিরুদ্দেশ’, ‘ভালোবাসার রূপান্তর’, ‘বিশ্বপ্রবাস’, ‘মধ্যরাতে পায়ের আওয়াজ’, ‘প্রথম সমর্পন’, ‘নিয়ন্ত্রিত পৃথিবী’ ও ‘প্রত্যাশা’।
বইগুলো পাওয়া যাচ্ছে প্রথমা প্রকাশন, অন্যপ্রকাশ এবং শব্দশৈলী প্যাভিলিয়নে। এ ছাড়া প্যারিস, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও অনলাইনের মাধ্যমে বইগুলো সংগ্রহ করা যাচ্ছে।
লেখকের বইগুলো মূলত নির্দেশনামূলক ও প্রেরণাদায়ী। শুধু প্রবাসীদের জন্য নয়, বরং সব শ্রেণির পাঠকের জন্যই এগুলো সাহস ও অনুপ্রেরণার উৎস। আত্মনির্মাণ, সংগঠক হয়ে ওঠা এবং ভালোবাসার পথিক হওয়ার বার্তা বইগুলোর অন্যতম বৈশিষ্ট্য।
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার সন্তান এনায়েত উল্লাহ। ১৯৭৮ সাল থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাস করে আসছেন তিনি। সরবোন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে মনোনিবেশ করেছেন ব্যবসায়। তিনি ইউরোপের একজন সফল ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠক। বাংলাদেশ ও বাংলাদেশিদের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন তিনি।
ইউরোপের ২৫টি দেশের প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) মহাসচিব ও ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডব্লিউবিও)-এর সভাপতি। ২০১৬ সালের নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’ প্রবাসী বিশ্ব সম্মেলনের সফল আয়োজনকারী হিসাবে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছিলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন কাজী এনায়েত উল্লাহ। তিনি মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও এই আসনে এমপি প্রার্থী ছিলেন। পরে তারেক রহমানের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

