ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাহিদা আশরাফীর প্রবন্ধগ্রন্থ ‘নীরবতার নোটবুক’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৪:০৯ পিএম
ছবি - সংগৃহীত

কবিতার আকাশে নাহিদা আশরাফী যেমন মুক্ত পাখি, তেমনই দুহাত খুলে গদ্য লেখেন। সারা বছর বিভিন্ন পত্রিকায় লেখেন প্রবন্ধ। এবার সেগুলো গুছিয়েছেন। অমর একুশে বইমেলা ২০২৬-এ এনেছেন বই আকারে। নাম দিয়েছেন ‘নীরবতার নোটবুক’।

এটি নাহিদা আশরাফীর প্রথম প্রবন্ধগ্রন্থ। বইটি দিয়ে চার বছরের বিরতি ভাঙলেন তিনি।

তার কথায়, ‘আমি বিশ্বাস করি প্রকৃত সত্য লুকিয়ে থাকে প্রকৃতির পাতা পঞ্জিতে। আমি সেই সাধনায় ব্রতী হতে চাই। সত্যের তিতাটুকু বাদ দিয়ে মিথ্যার মাখন মাখিয়ে যে লেখা লিখতে হয় তেমন লেখা আমি লিখতে চাই না। কী লাভ তাতে? এ জন্যেই লেখার সংখ্যা নয় সৌন্দর্য ও সৌকর্য বাড়ানোয় মন দিয়েছি।’

তিনি বলেন, ‘সব অনন্তে মিলিয়ে গেলেও যেতে পারে। আফসোস নেই। লিখতে গিয়ে ভাবিনি কেউ এ লেখা পড়বে কী পড়বে না। কেউ পড়লে আনন্দ পাব, সমালোচনা করলে আরও শিখব, না পড়লেও দুঃখ নেই। মহাকালের কাছে রেখে যাব আমার অনুভব। এই প্রাপ্তিটাই বা কম কী? হয়তো কারও পড়তে ইচ্ছে হবে হয়তো কেউ এই লেখার হাত ধরেই জানবে পেছনে ফেলে আসা সময়ের গল্প, দেখবে অতীতের চিত্রকল্প।’

‘নীরবতার নোটবুকে’র প্রবন্ধগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন তাইফ আদনান। বইটি এনেছে প্রকাশনী সংস্থা জলধি। মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।