ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মৃত্যুর ৯৭ বছর পর মরণোত্তর সম্মাননা পেলেন ডেপুটি শাহ বদিউল আলম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারতের গৌরবখ্যাত ডেপুটি হযরত শাহ মোহাম্মদ বদিউল আলম জোলফক্কার শাহ জাহাঙ্গীরী (রহ.)-কে মৃত্যুর ৯৭ বছর পর মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হয়েছে। তার কর্মের স্বীকৃতিস্বরূপ ইতিহাসের পাঠশালা ‘ইতিহাস পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়।

রোববার (২৬ এপ্রিল) বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে অনুষ্ঠিত জাতীয় ইতিহাস সেমিনার ও লেখক মিলনমেলায় এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ডেপুটি শাহ মোহাম্মদ বদিউল আলমের প্রপৌত্র এবং ‘চট্টলনামা’র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নাজমুল হক শামীম তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক লায়ন দুলাল কান্তি বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ ইতিহাসবিদ সৈয়দা রুখসানা জামান শানু, রোটারিয়ান ও বিশ্বপরিব্রাজক আলেয়া বেগম লাকী, প্রবীণ ইতিহাসবিদ ও চিকিৎসক ডা. মোহাম্মদ মোছলেম, ভাষা গবেষক ডা. এম. এ. এ. মুক্তাদির, শিক্ষাবিদ মোহাম্মদ হাবিবুর রহমানসহ অনেকে।

উল্লেখ্য যে, ডিপুটি শাহ্ মোহাম্মদ বদিউল আলম (রহ.) ১৮৯২খ্রি. কলকাতা থেকে দি মোহামেডান অবজারভার নামে ইংরেজিতে দৈনিক পত্রিকা প্রকাশ করেন। তিনি হোয়াট ইজ ম্যান নামে একটি বই ১৯১৪ সালে রচনা ও প্রকাশ করেন। বর্তমানে এই মহামূল্যবান গ্রন্থটি আমেরিকা ও বৃটেনের একাধিক বিশ্ববিদ্যালয়ে পঠিত হচ্ছে।

এছাড়াও তিনি বড়পীর হযরত আবদুল কাদের জিলানির (রহ.) এর অনুবাদ গ্রন্থ ফতেহুল গয়ব ১৯১৭ সালে প্রকাশের মধ্যদিয়ে ভারত উপমহাদেশে বাংলা ভাষাভাসি মানুষের কাছে বড়পীরের জীবন চর্চায় এগিয়ে এনেছেন।

১৮৮৩ সালে তিনি ব্রিটিশ ভারতের নোয়াখালী অঞ্চলে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মহাত্মা গান্ধীসহ একাধিক ভারতীয় রাজনীতিবিদের সঙ্গে ভারতের লাল কেল্লায় কারারুদ্ধ ছিলেন।