পরিবারের ওপর অভিমান করে রাজধানীর মিরপুর-১০ এলাকার সানজিদা ইসলাম মীম (১৯) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত মীম মিরপুর কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মীমের ভাই মো. সাখাওয়াত হোসেন বলেন, আমার বোন মিরপুর কলেজে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সকালের দিকে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি বরগুনা জেলা চাঁদখালী এলাকায়। বর্তমানে মিরপুর-১০ নম্বরে একটি বাসায় ভাড়া থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেলে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


