ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ঢাকা মেডিকেলে অসুস্থ কয়েদির মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১০:০৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে শ্রী মোহন লাল (৫৫) নামের ওই কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. রুবেল জানান, বিকেলের দিকে মোহন লাল কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মোহন লাল কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার বাবার নাম চিন্তা সিং। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।