ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৮:০৭ পিএম
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা কোনাপাড়া মোমিনবাগ এলাকার একটি চারতলার বাসার লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. বাপ্পি জানান, তাদের নিজের চারতলা বাসায় মা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় হঠাৎ লিফটের ফাঁকা জায়গায় পড়ে যান। শব্দ শুনে দ্রুত তাকে উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।