রাজধানীর মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে অবরোধ করে আন্দোলন করেছেন একটি গার্মেন্টস গ্রুপের পোশাককর্মীরা। এতে ওই এলাকায় কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রোববার (৫ এপ্রিল) ঢাকা মহানগরীর গুলশান জোনের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সকাল ১০টার পর মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক ৭০০-৮০০ পোশাককর্মী বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এতে তেজগাঁও-মহাখালী-উত্তরা রুট এবং উত্তরা-মহাখালী-তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।
অবরোধের সময় যানজট এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ডাইভারশন অনুসরণ করার অনুরোধ জানানো হয়। এ সময় বিকল্প রুট হিসেবে জানানো হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচল করা যাবে।
মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁওয়ের দিকে চলাচল করা যাবে। এ ছাড়া কাকলী মোড়-কামাল আতাতুর্ক অ্যাভিনিউ-গুলশান ২ হয়ে নতুন বাজার এবং গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলগামী যান চলাচল স্বাভাবিক রয়েছে। একইভাবে এসব রুটের বিপরীত দিক থেকেও চলাচল করা যাবে।


