ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৫ লাখ ইয়াবা জব্দ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:০৬ পিএম
ছবি- সংগৃহীত

নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের একটি বড় চালান প্রবেশের আগেই ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। টেকনাফে নিয়োজিত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

নৌবাহিনী সূত্র জানায়, একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক তথ্যে জানা যায়, মাদকগুলো হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে নিয়ে যাওয়ার কথা ছিল।

এই সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। তবে পাচারকারীরা পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে চৌধুরীপাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে বস্তাভর্তি মাদক বহন করে অগ্রসর হতে থাকে। পরিস্থিতি বুঝতে পেরে নৌবাহিনীর আভিযানিক দল তাৎক্ষণিকভাবে অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশ থেকে ধাওয়া চালায় এবং মাদকভর্তি বস্তা আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে জানা গেছে। এ ঘটনায় জব্দকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশব্যাপী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকাকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।