ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ডলারের বেশি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২, ২০২৬, ০৮:৫৯ এএম
মার্কিন ডলার। ছবি : সংগৃহীত

চলতি এপ্রিল মাসের প্রথম ২৯ দিনেই দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩০০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। ফলে মাস শেষে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে দৈনিক গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৩৫ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯২১ কোটি মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ১৯.৮০ শতাংশ বেশি।

এর আগে মার্চ মাসে দেশে রেমিট্যান্স আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

এ ছাড়া ডিসেম্বর মাসে রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আর আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বিশ্লেষকদের মতে, বৈধ পথে প্রবাসী আয় প্রেরণে উৎসাহ বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেলে প্রণোদনার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।