বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কে. এম. আউলাদ হোসেন। ব্যাংকের কর্মকর্তা মো. কামরুল হুদা জামান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানোর পাশাপাশি নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে অভিনন্দন জানান।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, কে. এম. আউলাদ হোসেন এর আগে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।
প্রধান ব্যবসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর থেকেই ব্যবসায়িক লক্ষ্য অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন কে. এম. আউলাদ হোসেন কর্মজীবনে দেশের বিভিন্ন ব্যাংকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ফেসবুক পোস্টে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের সুস্বাস্থ্য, নতুন দায়িত্বে সফলতা এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন