ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৫:২৫ এএম
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৮ জানুয়ারি। এ পরীক্ষা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা পর্যায়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সেখানে একাধিক ইন্টারভিউ বোর্ড গঠন করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্মারকের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় আপলোড করা ছবি, আবেদনপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা সিটি করপোরেশনের কাউন্সিলরের দেওয়া নাগরিকত্ব সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।

মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া মুক্তিযোদ্ধার গেজেট ও সম্পর্ক সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক কার্ডধারী) ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের সনদ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের দেওয়া সনদ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সব কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে আগামী ২৭ জানুয়ারি ২০২৬ সালের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। কাগজপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। এ সময় ফটোকপির পাশাপাশি মূল কাগজপত্র জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রদর্শন করতে হবে।

মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের সব মূল সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।