ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:২০ পিএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি- সংগৃহীত

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে।

এতে ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যারা পরবর্তী ধাপ হিসেবে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। মাত্র ১১ দিনের ব্যবধানে ফল প্রকাশ করায় পিএসসির এই উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ৩০ জানুয়ারি সারা দেশের আটটি বিভাগীয় শহর—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে ১৯০টি কেন্দ্রে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী, যা সাম্প্রতিক বিসিএসগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ আবেদনসংখ্যা।

এর আগে গত রোববার পিএসসি জানিয়েছিল, ৫০তম বিসিএস প্রিলিমিনারি ও ৪৬তম বিসিএসের ফল একসঙ্গে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে কমিশনের বিশেষ সভাও অনুষ্ঠিত হয়। তবে ওই দিন শুধুমাত্র ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়, ৫০তম বিসিএস প্রিলিমিনারির ফল তখন প্রকাশ করা হয়নি।

পরবর্তীতে পিএসসির একটি সূত্র সোমবার ফল প্রকাশের সম্ভাবনার কথা জানালেও রাতের দিকে কমিশন জানায়, সোমবার নয়—মঙ্গলবার ফল প্রকাশ করা হবে। অবশেষে আজ মঙ্গলবার সেই প্রতীক্ষিত ফলাফল প্রকাশ করা হলো।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দায়িত্ব গ্রহণের পর বিসিএসের পুরো নিয়োগ প্রক্রিয়া ১২ মাসের মধ্যে সম্পন্ন করার একটি সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আধুনিক ওএমআর (OMR) প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে উত্তরপত্র মূল্যায়ন শেষে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী যোগ্য ও মেধাবী প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক ও জনসেবামূলক কাজে যুক্ত করতেই পিএসসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। ক্যাডার পদগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে শূন্য পদের সংখ্যা ৬৫০টি। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারেও উল্লেখযোগ্য সংখ্যক পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এখন ক্যাডার পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি খুব শিগগিরই কমিশনের ওয়েবসাইট ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষার্থীরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানার ব্যবস্থা রাখা হয়েছে।

উত্তীর্ণ  প্রার্থীদের তালিকা