ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাকৃবির কেবি কলেজে দীক্ষা পেলেন ৫০ রোভার

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৬:১৪ এএম
ছবি - রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের রোভার স্কাউট ইউনিটের দীক্ষা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। 

সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাকৃবির পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং কলেজ গভর্নিং বডির সদস্য ড. মো. সামছুল আলম ভূঁঞা। এছাড়া প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) ড. মো. জহিরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম সরদার বলেন, দীক্ষা গ্রহণের মাধ্যমে তোমরা দেশসেবার এক মহান ব্রতে যুক্ত হলে। স্কাউটিং শুধু একটি কার্যক্রম নয়, এটি জীবন গঠনের একটি অনন্য শিক্ষা, যা শৃঙ্খলা ও পরোপকারিতার মূল্যবোধ গড়ে তোলে। সততা ও কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি—এটি সব সময় মনে রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক সামছুল আলম ভূঁঞা বলেন, রোভার স্কাউটিংয়ের মূলমন্ত্র ‘সেবা’। একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ম-শৃঙ্খলা মেনে চললে যে কোনো প্রতিকূল পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, নতুন রোভার স্কাউটরা ভবিষ্যতে সমাজ সংস্কার ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।