কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নিয়ে গঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাবিসহ পাঁচটি উপকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এতে ৯১.১৭ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অন্যদিকে ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক বেলাল হোসেন।
আটকৃত ওই দুই পরীক্ষার্থীর নাম জিএম সরোয়ার ও আনিকা তাসনিম মৌ। এর মধ্যে জিএম সরোয়ার রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে প্রথম শিফটের পরীক্ষার্থী ছিলেন এবং মৌ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় শিফটের পরীক্ষার্থী ছিলেন।
জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সরোয়ারের নিকটে মোবাইল ফোন এবং একটি পকেট রাউটার পাওয়া গেলে তাকে আটক করা হয়। অন্যদিকে মৌ-এর কাছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন পাওয়ায় তার পরীক্ষা বাতিল করা হয়েছে।
উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক বেলাল হোসেন বলেন, ‘তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়াও বাকি উপকেন্দ্রে মোট উপস্থিতির হার ৯১.১৭ শতাংশ। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯৩.৭৭ শতাংশ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮৭.২৬ শতাংশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮৪.৪২ শতাংশ, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯৩.৮৮ শতাংশ, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯১.৬৫ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘বড় ধরণের কোনো ঘটনা ছাড়া অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুজন শিক্ষার্থীর কাছে ডিজিটাল ডিভাইস পাওয়ায় উভয়কেই বহিষ্কার করা হয়েছে।’
উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল- এই ৫টি আঞ্চলিক বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ৪,০১৭টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে মোট ২ লাখ ৭২,৬২৬ জন ভর্তিচ্ছু লড়ছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে মোট ১ লাখ ১৫,৫১৫ জন আবেদন করেছেন।
আগামী ২৪ জানুয়ারি বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে রাবির ভর্তি পরীক্ষা শেষ হবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন