রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকায় টাঙানো ওই ব্যানারটি খুলে ফেলেন তিনি। ব্যানারটি রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি টাঙিয়েছিলেন বলে জানা গেছে।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দুপুর ২টার মধ্যে সংগঠনটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদারকে ব্যানার খুলে নেওয়ার আল্টিমেটাম দেন সালাউদ্দিন আম্মার।
ব্যানার খুলে ফেলার ভিডিও শেয়ার করে ফেসবুকে দেওয়া এক পোস্টে আম্মার বলেন, ‘সংশ্লিষ্ট শিক্ষককে দৃষ্টি আকর্ষণ করে ২টার মধ্যে ব্যানার অপসারণ করতে আহ্বান জানিয়েছিলাম। তিনি তা অপসারণ করেননি। তাই শিক্ষার্থী হিসেবে নিজেই ছিঁড়ে ফেলেছি। ক্যাম্পাসে দলীয় ব্যানারের মাধ্যমে রাজনীতির যত উপসর্গ শিক্ষকদের মধ্যে দেখব, ততই বিরোধিতা করব। শিক্ষক রাজনীতি শিক্ষার ক্ষতি করছে এবং এক-একজনকে রাজনৈতিক দালালে পরিণত করছে।’
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ‘অন্য আরেকটি দল জামায়াতে ইসলামীর জন্যও একই বার্তা। তবে তারা এখন পর্যন্ত ক্যাম্পাসে দলীয় ব্যানার টাঙায়নি, কোনো মিছিল-মিটিংও করেনি। এমনকি তাদের দলীয় পরিচয়ও এই ক্যাম্পাসে এখনো দেখিনি। আপনারা যেকোনো দল করতে পারেন, রাজনীতি করতে পারেন তবে সেটা ক্যাম্পাসের বাইরে।’
এ বিষয়ে জানতে চাইলে জিয়া পরিষদ রাজশাহী জেলার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার বলেন, ‘তার শক্তি আছে, সেই শক্তি দিয়েই সে ব্যানার খুলে ফেলেছে। এর চেয়ে বর্বরোচিত ঘটনা আর কী হতে পারে। আজ তারেক রহমান একজন দেশবরেণ্য নেতা, যার জন্য দেশ ঐক্যবদ্ধ আছে। আমাদের ঐক্যের প্রতীক তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানোয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কী এমন ক্ষতি হয়েছে যে তা খুলে ফেলতে হবে? আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘জিয়া পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। এটি আমাদের গঠনতন্ত্রে স্পষ্টভাবে উল্লেখ আছে। সালাউদ্দিন এই সংগঠনকে রাজনৈতিক সংগঠন বলেছেন এটি তার অজ্ঞতার পরিচয়।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন