ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, পরিপত্র যেকোনো সময়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১২:১১ পিএম
এনটিআরসিএ। ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের পরিপত্র যেকোনো সময় প্রকাশ হতে পারে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, নীতিগত সিদ্ধান্ত ও কারিগরি যাচাই শেষ হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে পরিপত্র জারির অপেক্ষা রয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই পরিপত্র প্রকাশ করা হবে।

এদিকে সোমবার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের সিলেবাস চূড়ান্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় নিয়োগ পরীক্ষার সিলেবাস চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রধানের শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়। প্রাথমিক তথ্যে দেখা গেছে, দাখিল মাদ্রাসায় সুপার পদে ৮৯৯টি এবং সহকারী সুপার পদে এক হাজার ৪টি শূন্যপদ রয়েছে। কামিল মাদ্রাসায় অধ্যক্ষের শূন্যপদ ৫৪টি এবং উপাধ্যক্ষের শূন্যপদ ৩৪টি।

ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের শূন্যপদ রয়েছে ৩৪৩টি এবং উপাধ্যক্ষের ২০২টি। আলিম মাদ্রাসায় অধ্যক্ষ পদে ৩৭৭টি এবং উপাধ্যক্ষ পদে ২১৯টি শূন্য রয়েছে।

স্কুল ও কলেজ পর্যায়ের শূন্যপদের হিসাব অনুযায়ী, মোট শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৭৮টি। এর মধ্যে স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষের ৫৮৪টি এবং উপাধ্যক্ষের ৬২৭টি পদ শূন্য রয়েছে। উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে শূন্য রয়েছে ৭৬৮টি।

মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৩ হাজার ৯২৩টি এবং সহকারী প্রধান শিক্ষক পদে ৩ হাজার ৮৭২টি শূন্য রয়েছে। পাশাপাশি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে শূন্য রয়েছে ৫০৪টি।