ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করলেন ৫৩ শিক্ষার্থী

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৩:০৯ পিএম
রাজশাহী শিক্ষা বোর্ড। ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। পুনঃনিরীক্ষার ফলে ফেল থেকে পাস করেছেন ৫৩ জন পরীক্ষার্থী।

রোববার (১৬ নভেম্বর) সকালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বোর্ডের দেওয়া তথ্যে জানা যায়, এ বছর ২৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী মোট ৮২ হাজার ২২৩টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। পুনঃনিরীক্ষার পর ১২১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

এর মধ্যে ১৯ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। তবে ফেল থেকে জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটেনি, শুধু ফেল থেকে পাস করেছেন ৫৩ জন।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘সকাল ১০টার দিকে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এবারে ফেল থেকে পাস করেছেন ৫৩ জন।’

এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ।