যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন বিশ্বখ্যাত মার্কিন র্যাপার অফসেট। স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’র বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সেমিনোল পুলিশ বিভাগের দেওয়া তথ্যমতে, সোমবার সন্ধ্যা ৭টার পর একটি হোটেলের ভ্যালেট পার্কিং এলাকায় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। সেখানে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের গুলিতে অফসেট আহত হন। ঘটনার পরপরই তাকে দ্রুত হলিউডের মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অফসেটের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার আঘাত খুব বেশি গুরুতর নয়। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুজনকে আটক করেছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এলাকাটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ জনগণের জন্য কোনো ঝুঁকি নেই বলে জানানো হয়েছে।
৩৪ বছর বয়সি এই শিল্পীর প্রকৃত নাম কিয়ারি সিফাস। বিশ্বজুড়ে তিনি ‘মিগোস’ (Migos) নামক জনপ্রিয় হিপহপ ব্যান্ডের সদস্য হিসেবে পরিচিত। কোয়াভো ও টেকঅফের সাথে মিলে গত এক দশকে তিনি ‘ব্যাড অ্যান্ড বুজি’র মতো অসংখ্য কালজয়ী হিট গান উপহার দিয়েছেন।
২০১৯ সাল থেকে তিনি একক শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। তার প্রথম একক অ্যালবাম ‘ফাদার অব ফোর’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ‘সেট ইট অফ’ ও ‘কিয়ারা’র মতো অ্যালবামের মাধ্যমে তিনি সমকালীন হিপহপ সংগীত দুনিয়ায় নিজের প্রভাব বিস্তার করেন।
প্রিয় তারকার দ্রুত সুস্থতা কামনা করছেন বিশ্বজুড়ে থাকা তার কোটি ভক্ত ও অনুরাগীরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন