ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

১৫ মিনিটে রেস্তোরাঁর মতো চিকেন স্যুপ বানানোর সহজ উপায়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২, ২০২৬, ০৫:১০ পিএম
ছবি : সংগৃহীত

এই গরমে দীর্ঘ সময় রান্নাঘরে থাকতে কারো ভালো লাগে না। আবার শরীর ভালো রাখবে এবং খেতেও মজাদার- এমন খাবারের চাহিদা থাকে সবারই। তাই খুব সহজেই বানিয়ে নিতে পারেন রেস্তোরাঁর স্বাদের ‘হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ’।

বাড়িতে বানালে অনেক সময় সেই রেস্তোরাঁর মতো স্বাদ আসে না। আসল রহস্য লুকিয়ে থাকে সঠিকভাবে চিকেন স্টক তৈরির মধ্যে। চলুন দেখে নেওয়া যাক পুরো প্রক্রিয়াটি।

যা যা লাগবে

চিকেন লেগ পিস (২টি), কুচানো বাঁধাকপি, জুলিয়ান কাটা গাজর, আদা ও রসুন কুচি, ধনেপাতা ও পেঁয়াজকলি, ডিম (২টি), কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়া, সয়া সস, রেড চিলি সস, ভিনিগার, টমেটো কেচাপ, স্বাদমতো লবণ ও চিনি।

চিকেন স্টক তৈরির পদ্ধতি

প্রথমে প্রেসার কুকারে চিকেন লেগ পিস ও পরিমাণমতো পানি দিয়ে একবার ফুটিয়ে নিন। উপরের ফেনা বা ময়লা ফেলে দিন। এরপর ধনেপাতার ডাঁটা, তেজপাতা ও গোলমরিচ দিয়ে ৩টি সিটি দিন। এতে খুব দ্রুত স্বচ্ছ ও পুষ্টিকর চিকেন স্টক তৈরি হবে।

চিকেন ও সবজি প্রস্তুত

স্টক থেকে চিকেন তুলে ঠান্ডা করে হাড় থেকে মাংস আলাদা করে ছোট ছোট টুকরো করুন। স্টকটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন।

রান্নার ধাপ

একটি কড়াইতে সামান্য সাদা তেল গরম করে তাতে স্টার অ্যানিস (মৌরি ফুল), আদা ও রসুন কুচি হালকা ভেজে নিন। এরপর গাজর ও বাঁধাকপি দিয়ে ১–২ মিনিট নেড়ে তাতে ছেঁকে রাখা চিকেন স্টক ঢেলে দিন।

ফুটে উঠলে এতে চিলি পেস্ট, ভিনিগার, টমেটো কেচাপ, রেড চিলি সস, ডার্ক সয়া সস ও গোলমরিচ গুঁড়া মেশান। স্বাদের ভারসাম্যের জন্য সামান্য চিনি ও লবণ দিন। এরপর চিকেনের টুকরোগুলো দিয়ে দিন।

স্যুপ ঘন করার উপায়

৪ চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে ধীরে ধীরে স্যুপে মেশান এবং নাড়তে থাকুন। তারপর ফেটানো ডিম ওপরে আলতো করে ঢেলে কিছুক্ষণ পর নাড়ুন, যাতে ডিমের টেক্সচারটি রেস্তোরাঁর মতো সুন্দর হয়।

গরম গরম পরিবেশন করুন মজাদার হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ।