ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ১৯ জনের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার শেষে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মাদক সেবন, মাদক বহন ও চুরির অভিযোগে দায়ের করা ১৩টি মামলার শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।
এর আগে গত ২৪ ঘণ্টায় লালবাগ বিভাগের কামরাঙ্গীরচর, সূত্রাপুর, কোতোয়ালি, লালবাগ ও বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচার শেষে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, একজনকে খালাস এবং একজনকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে পাঁচজনকে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়। চুরি ও চুরির চেষ্টার অভিযোগে ১০ জনকে ১৫ দিন থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগে একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে একজনকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।
লালবাগ বিভাগ সূত্রে জানায়, মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন