তথ্য-প্রযুক্তির যুগে মানুষের বিকিকিনি বা কেনাকাটার সবচেয়ে বড় মাধ্যম এখন অনলাইন মার্কেট। বাজারে গিয়ে ভিড় করার চেয়ে ঘরে বসে ইচ্ছামতো পছন্দের জিনিস সহজেই কিনে ফেলা যায় অনলাইনে। সাম্প্রতিক বছরগুলোতে এর হার বেড়েছে। ঈদে-পার্বণে অনলাইনে কেনাকাটা আরও বেড়ে যায়। এ ক্ষেত্রে সুবিধার পাশাপাশি কিছু ঝুঁকিও রয়েছে, যা থেকে সতর্ক থাকা জরুরি।
পণ্য কেনাকাটায় ক্রেতারা বিভিন্ন সমস্যায় সম্মুখীন হযয়ে থাকেন, যেমন: পণ্য নিয়ে তারা অসন্তুষ্টি, পণ্য ফেরত দেওয়া, প্যাকেটজাতকরণ সঠিকভাবে না করা, পণ্যের কোয়ালিটি সঠিক না থাকা ইত্যাদি। এ ছাড়া যা তারা অর্ডার করেছিল, তা তাদের কাছে না পৌঁছানো, যেমন: সাইজ, ব্যবহারযোগ্যতা, পণ্যের উপাদান। চেক-আউট প্রসেসের আগে অতিরিক্ত খরচ, যেমন ডেলিভারি চার্জ, শিপিং বা পরিবহন খরচে অস্পষ্টতা।
তাই ঈদ শপিংয়ে কিছু বিষয় মাথায় রাখা সবচেয়ে নিরাপদ। চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে :
ওয়েবসাইটের নিরাপত্তা যাচাইকরণ
অনলাইনে কেনাকাটার সময় প্রথমেই খেয়াল রাখতে হবে, আপনি কোন ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করছেন। পরিচিত এবং বিশ্বস্ত শপিং প্ল্যাটফর্ম যেমন বিক্রেতার রিভিউ, রেটিং এবং সিকিউরিটি সার্টিফিকেট যাচাই করা গুরুত্বপূর্ণ। অজানা বা নতুন ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে প্রতারণার ঝুঁকি বেড়ে যায়। অনলাইন শপিংয়ের আগে সবসময় দেখুন ওয়েবসাইটে ‘https’ আছে কি না এবং লক আইকন দেখা যাচ্ছে কি না। নকল বা ফিশিং ওয়েবসাইটে এই চিহ্ন থাকে না।
ব্যাংকিং ও ব্যক্তিগত তথ্য সংরক্ষণে সতর্ক থাকা
আপনার ফোন নম্বর, ক্রেডিট/ডেবিট কার্ডের তথ্য শেয়ার করার আগে নিশ্চিত হোন, যে ওয়েবসাইটটি সুরক্ষিত এবং লিগ্যাল কি না। অনলাইন কেনাকাটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পেমেন্ট নিরাপত্তা। ক্রেডিট/ডেবিট কার্ড, বিশ্বস্ত অনলাইন ওয়ালেট বা ক্যাশ অন ডেলিভারি পদ্ধতি ব্যবহার করা উচিত
ডিসকাউন্টের ফাঁদ এড়িয়ে চলুন
৫০ শতাংশ ছাড়, মাত্র ১০টি পণ্য!’–এর মতো অফার দেখতে চমক লাগে, কিন্তু অনেক সময় এগুলো ফাঁদ হতে পারে। তাই অফারের বাস্তবতা ও বৈধতা যাচাই করুন। একই পণ্য একাধিক ওয়েবসাইটে পাওয়া যেতে পারে। হঠাৎ কম দামে পণ্য দেখলে আগ্রহী হওয়া স্বাভাবিক, কিন্তু সব সময় রেটিং, রিভিউ এবং শিপিং চার্জসহ মোট খরচ বিবেচনা করুন।
পণ্য বিতরণ ও রিটার্ন নীতি যাচাই
আপনার পছন্দের পণ্য অর্ডার করার আগে ডেলিভারি সময়, রিটার্ন বা রিফান্ড নীতি পরীক্ষা করুন। অনেক প্রতারক ওয়েবসাইট ঠিক সময়ে পণ্য ডেলিভারি দেয় না, দীর্ঘ দিন সময় চায়। অনলাইনে পণ্য ফেরত বা টাকা ফেরত সংক্রান্ত নিয়ম আগে থেকে জানা জরুরি। প্রতিটি ওয়েবসাইটের রিটার্ন পলিসি আলাদা। সময়মতো সমস্যা এলে আপনি পণ্য পরিবর্তন বা ফেরত পেতে পারবেন কি না, তা যাচাই করা প্রয়োজন।
অজানা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন
নিরাপদ কেনাকাটার জন্য লিংক ওপেনে সতর্ক থাকতে হবে। এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ই-মেইলে আসা লিংকে সরাসরি ক্লিক না করে নিজে ব্রাউজার থেকে ওয়েবসাইট খুলে অর্ডার দিন।


