ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা : সড়কমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:০০ পিএম
সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত

সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, পরিবহন সেক্টরে ঈদে কোনো ভাড়া বৃদ্ধি হতে দেবেন না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল ও ড্রেজার বেইড পরিদর্শনকালে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদীবন্দর মাছঘাট এলাকায় নির্মিত টার্মিনাল ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা আশা করছি, ঈদযাত্রা স্বস্তির এবং নিরাপদ হবে। যেখানে যানজট বা সড়কে শৃঙ্খলার সমস্যা দেখা দেয়, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমি নিশ্চিত করতে চাই এবার সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হবে। ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সব সংশ্লিষ্ট সংস্থা তৎপর থাকবে।

শীতলক্ষ্যা নদীর দূষণের বিষয়েও তিনি জানান, পরিবেশ মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করা হবে। আমাদের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ চিহ্নিত করে দ্রুত বাস্তবায়ন করা হবে।

এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।