বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন বাড়িয়ে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নিয়েছে সরকার। তিনি বলেন, দেশ যদি নিজস্ব জ্বালানি সম্পদের ওপর নির্ভরশীল হতে পারে, তাহলে বৈশ্বিক অস্থিরতা বা অন্য কোনো ঝুঁকি মোকাবিলা করা অনেক সহজ হবে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকার জ্বালানি খাতকে শক্তিশালী ও স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। তার মতে, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে গ্যাসের চাহিদা প্রায় সাড়ে চার হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে। পরিকল্পনা অনুযায়ী, দেশের নিজস্ব গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন বাড়িয়ে এই চাহিদার বড় অংশ পূরণের সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, অতীতে জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে দেশ আমদানিনির্ভর হয়ে পড়েছিল। এর ফলে আন্তর্জাতিক বাজারে সংকট তৈরি হলে তার প্রভাব সরাসরি বাংলাদেশের ওপর পড়ে। এছাড়া তিনি উল্লেখ করেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সকে আগের সরকার কার্যত দুর্বল করে রেখেছিল, যার প্রভাব এখনও দেখা যাচ্ছে।
অনিন্দ্য ইসলাম অমিত জানান, বর্তমান সরকারের স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনার আওতায় আগামী ১৮০ দিনের মধ্যে জাতীয় গ্রিডে অন্তত ৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে বাপেক্সের সক্ষমতা বৃদ্ধি করে প্রতিষ্ঠানটিকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর ফলে মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের মোট পাঁচটি কূপ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন