রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে আরও সহায়তা দিতে এগিয়ে এসেছে জাপান। দেশটি প্রায় ১ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে জাপানের বিশেষ দূত ও কৃষিমন্ত্রী সুজুকি নরিকাজুর নেতৃত্বে আগত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই প্রতিশ্রুতি জানায়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া, জাপানের অর্থায়নে চলমান বড় অবকাঠামো প্রকল্প মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ দ্রুত ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার ওপর জোর দেন জাপানি প্রতিনিধিরা। এ বিষয়ে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সরকারের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, আমিন উর রশীদ, খলিলুর রহমানসহ অন্যান্যরা।
দুই দেশের সম্পর্ক আরও গভীর করা, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করা এবং নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি নিয়েও আলোচনা হয়। জাপান বাংলাদেশের কৃষি ও প্রযুক্তি খাতে অংশীদারত্ব বাড়ানোর আগ্রহ প্রকাশ করে, পাশাপাশি খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধির পরিকল্পনাও তুলে ধরে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশ-জাপান বন্ধুত্বের দীর্ঘ ইতিহাসের কথা উল্লেখ করে বলেন, দেশের তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য পূরণে তিনি কৃষি, ইলেকট্রনিকস ও অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
এ ছাড়া, জাপানে বাংলাদেশি দক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি, বিশেষ করে স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে।
জাপানি প্রতিনিধি দল এসব প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানিয়ে জাপান সফরের আমন্ত্রণও প্রদান করা হয়।

