পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ থেকে ২৫ মে যাত্রার ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। সব টিকিটই অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। এরপর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাবে।
রেলওয়ের ঈদ উপলক্ষ্যে নেওয়া বিশেষ পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট ধাপে ধাপে অগ্রিম বিক্রি করা হচ্ছে। এর আগে ২৩ মে’র টিকিট ১৩ মে এবং ২৪ মে’র টিকিট ১৪ মে বিক্রি করা হয়েছে। এছাড়া ২৬ মে’র টিকিট ১৬ মে ও ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে অগ্রিম কেনা এসব টিকিট ফেরত বা রিফান্ডের সুযোগ থাকবে না।
এছাড়া যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
অন্যদিকে, ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেন টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন