রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে নিরাপদ খাদ্য আইনে দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। তার সঙ্গে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শনের সময় একাধিক অসঙ্গতি ও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা তারা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছে।
তিনি বলেন, ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্যান্য ওয়ার্ডের রেফ্রিজারেটরে প্রয়োজনীয় তাপমাত্রা পরিমাপক যন্ত্র (মিটার) পাওয়া যায়নি। এছাড়া কিছু স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা গেছে। একটি স্থানে খাদ্যপণ্যের লেবেলিং ত্রুটিপূর্ণ ছিল এবং পরিবেশও অস্বাস্থ্যকর ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত এসব ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকেও অবহিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনিয়ম সংশোধন না হলে পুনরায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
জনবল সংকটের কারণে নিয়মিত তদারকিতে ঘাটতি রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
হাসপাতালের ভবনের ওপর অপরিচ্ছন্ন বেকারি থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, অভিযানের সময় বেকারিটি বন্ধ পাওয়া গেছে। হাসপাতালের ভবন থেকে প্রবেশ করে বেকারিটির অবস্থান পর্যবেক্ষণ করা হয়েছে এবং সেটি একই ভবনের অংশ হিসেবে দেখা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায় নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনুর পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এ নোটিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন