আগামী জুলাই থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “গত সেপ্টেম্বর থেকে এনটিআরসিএর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রয়োজনীয় ছিল। শিক্ষক ছিল না, তাই এসব পদে নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছিল।”
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করেছে, যা প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে একটি। কিন্তু অন্তর্বর্তী সরকার বাজেটে এ জন্য কোনো টাকা বরাদ্দ রাখেনি।”
এহছানুল হক মিলন বলেন, সরকার গঠনের পর দেখা গেল ৫০১ কোটি টাকা প্রয়োজন, কিন্তু সেই অর্থও নেই। অন্তর্বর্তী সরকার বাজেটে টাকা না রাখায় মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বেতন দেওয়া যায়নি। তবে জুলাই মাস থেকে বকেয়াসহ বেতন নিয়মিত দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, ইসলামী শিক্ষায় যারা পড়াশোনা করছেন, তাদের দল-মতের ঊর্ধ্বে উঠে জীবনযাপন করতে হবে। এ সময় তিনি সংসদে জামায়াতে ইসলামীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনার প্রসঙ্গ তুলে ধরে শিক্ষার্থীদের মূল ইসলামের পথে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন