সেন্টমার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১০ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২৯ জুন) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, সূচনালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদান এবং সমুদ্রে মাছ আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে কোস্ট গার্ড মানুষের কাছে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামের একটি ফিশিং বোট ১০ জন জেলেসহ গত ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়।
পরবর্তীতে ২৯ জুন সোমবার সকাল ৯টার দিকে সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমের গভীর সমুদ্র এলাকায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সাগরে ভাসতে থাকে। পরে দুপুর ১টার দিকে বোটে থাকা একজন মাঝি মোবাইল ফোনে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সঙ্গে যোগাযোগ করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে বিকল বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।
পরবর্তীতে উদ্ধার হওয়া ১০ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, জরুরি উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন