সরকার একযোগে পুলিশের ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ১৭ জন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ২ জন পুলিশ সুপার (এসপি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবসরে পাঠানো এসব কর্মকর্তা ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছিলেন। ওই নির্বাচন ‘রাতের ভোট’ নামে ব্যাপক আলোচিত ছিল।
এর আগে একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে ৬ জন ডিআইজি ও ৩ জন পুলিশ সুপারকে বিভিন্ন স্থানে বদলি করা হয়।
প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন