‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজায়ন নিশ্চিত করতে বর্তমান সরকার জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে সর্বস্তরের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে। সরকারের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ কোস্ট গার্ডও জাতীয় বৃক্ষরোপণ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ১টায় কোস্ট গার্ড সদর দপ্তরে বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। একই সময়ে কোস্ট গার্ডের আওতাধীন সব জোন, স্টেশন ও আউটপোস্টে সমন্বিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণও বাংলাদেশ কোস্ট গার্ডের জাতীয় দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাহিনীটি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন