রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিনের মধ্যেই সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন। আগামী রোববার (২৬ জুলাই) সপরিবারে তিনি বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন বলে পরিবারের একটি সূত্র একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
শুক্রবার (২৪ জুলাই) পরিবারের এক সদস্য জানান, বঙ্গভবন ছাড়ার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্ধারিত দিনেই তিনি সপরিবারে সরকারি বাসভবন ছেড়ে ব্যক্তিগত বাসভবনে চলে যাবেন।
এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে জানান, বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র তার কাছে জমা দেওয়া হয় এবং তিনি তা গ্রহণ করেন।
স্পিকার বলেন, ‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’ তিনি জানান, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে অপারগ হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করার পাশাপাশি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও দায়িত্ব পালনে সহযোগিতা করা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।
তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন