ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তরুণরাই এবার ভোটের মূল শক্তি : সিইসি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:৩৪ এএম
রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলছেন সিইসি। ছবি - সংগৃহীত

এবারের নির্বাচন হবে তরুণদের নেতৃত্বে। তরুণরা শুধু ভোট দেবেন না, অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ম নাসির উদ্দিন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত ‘ইউথ ভোটার’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ। তরুণদের নিয়েই হবে এবারের ভোট। তরুণরা সাহসের এবং সৃষ্টির প্রতীক। তাদের শক্তি ও জ্ঞানভিত্তিক ধারণা ছাড়া দেশ গড়া সম্ভব নয়।’

সিইসি বলেন, তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ এবং ২৪ সালে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখিয়েছে। এবারও তাদের অংশগ্রহণ দেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

এ ছাড়া তিনি সাংবাদিকদের বলেন, এবারের নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা পোস্টাল ব্যালট ব্যবস্থা এনেছি, যা গত ৫৪ বছরে হয়নি। এবার নির্বাচনের কাজে যুক্ত ব্যক্তিরাও ভোট দিতে পারবে। কারাবন্দি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও ভোটের সুযোগ পাবেন।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং নির্বাচনের দিন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সক্ষম।

সিইসি গুলশানের ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর গুলির ঘটনাকেও নির্বাচনের সঙ্গে সম্পর্কহীন উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ভোটের সময় দুই-তিনটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এটি নতুন কিছু নয়। আগেও দেশের নির্বাচনকালে এমন ঘটনা ঘটেছে।’