ঋণখেলাপি হওয়ায় ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।
শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন।
মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে আব্দুল হকের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনে তাকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ করা হয়েছে। এমন অবস্থায় সংশ্লিষ্ট তথ্য হালনাগাদ করা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।
জেলা প্রশাসক আরও জানান, বাংলাদেশ ব্যাংকের তালিকা অনুযায়ী আব্দুল হক আনুষ্ঠানিকভাবে ঋণখেলাপি। এ কারণে এ মুহূর্তে তার মনোনয়নপত্র গ্রহণ করার কোনো সুযোগ নেই। তবে আইন অনুযায়ী তার আপিল করার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম আরও বলেন, মনোনয়নপত্রের সঙ্গে আব্দুল হক আয়কর রিটার্নের টেন বি ফরম জমা দেননি। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রস্তাবকারী ও সমর্থনকারীদের প্রয়োজনীয় তথ্যও দাখিল করা হয়নি।
উল্লেখ্য, ঢাকা-২ আসনে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আব্দুল হক ছাড়া বাকি দুই প্রার্থী হলেন বিএনপির আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম। যাচাই-বাছাই শেষে তাদের দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


