পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় শেষে মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল শনিবার (২১ মার্চ) সকালে নিজ এলাকার নামোশংকরবাটী হেফজুল মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।
অন্যদিকে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল পাবলিক মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে হাজার-হাজার মুসল্লীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় মাঠটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, উপজেলা শিবির সভাপতি লিমন হোসাইন, অ্যাডভোকেট মুনতাসীর মুজাহিদ, ব্যবসায়ী আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা আতিক নজরুল ও সবুজ মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। নামাজ শেষে তিনি মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পল্টন থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় ও মিষ্টান্ন উৎসবে বিপুলসংখ্যক মুসল্লীর উপস্থিতি লক্ষ করা যায়। এ সময় তিনি মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজ হাতে মিষ্টি বিতরণ করেন। উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মাওলানা শরিফুল ইসলামসহ পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও শাহবাগ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করে মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অপরদিকে, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন মাতুয়াইল কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান রাজধানীর ধূপখোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন। পরে তিনি মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের পিতা শেখ জামাল হাসান, মহানগরীর অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান, সহকারী জোন পরিচালক মাওলানা নেসারউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন মুরাদপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি হাজার-হাজার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন