যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা (মুন্নি) বলেছেন, আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়ী করলে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ সকল সম্প্রদায়ের অধিকার রক্ষায় কাজ করব। আপনাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমি সবসময় কাজ করে যাব।
শনিবার (২৪ জানুয়ারি) যশোর-২ আসনের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাধবপুর ওয়ার্ডে আয়োজিত নির্বাচনি পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। সেই পরিচয়ের ভিত্তিতে সকলেরই সমান অধিকার রয়েছে। সেই অধিকার নিশ্চিত করার জন্য আমি আপনাদের পাশে থাকব। আমাকে ভোট দিয়ে জয়ী করলে এই আসনের নারীদের উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করব।’
সাবিরা বলেন, ‘আমি একজন নারী হিসেবে এই আসনের মা-বোনদের আশ্বস্ত করতে চাই, আপনারা আমাকে যেকোনো আপদ-বিপদে পাশে পাবেন। আপনাদের অর্থনৈতিক মুক্তি ও সার্বিক উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘নির্বাচিত সরকার নাগরিকদের কাছে দায়বদ্ধ। নির্বাচনকে ঘিরে সকল নাগরিকের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা তাদের ভোটের অধিকার ও মালিকানা ফিরে পেয়েছে। তারা প্রতিনিধি নির্বাচন করবে। তারা তাদের প্রত্যাশিত ভোট দিতে পারবে। আমরা আশাবাদী, তাদের সেই ভোট হবে ধানের শীষের পক্ষে।’

