পবিত্র মাহে রমজান কেবল পানাহার থেকে বিরত থাকার মাস নয়, বরং এটি সহমর্মিতা ও ভালোবাসার মাস। রমজানের প্রকৃত শিক্ষা হলো নিজের ক্ষুধার কষ্ট অনুভব করে অন্যের ক্ষুধার কষ্ট বোঝা। সমাজের বিত্তবানদের পাশাপাশি সাধারণ মানুষও চাইলে তাদের সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের ইফতারের ব্যবস্থা করে এই শিক্ষার বাস্তব রূপ দিতে পারে।
ইফতারে সহায়তার সাধারণ উপায়সমূহ : সাধারণ মানুষ চাইলেই বড় কোনো আয়োজন না করেও ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়াতে পারেন।
১, ‘এক মুঠো বাড়তি খাবার’ নীতি : ইফতার তৈরির সময় নিজের পরিবারের জন্য যতটুকু খাবার তৈরি করা হয়, তার চেয়ে সামান্য পরিমাণ বাড়িয়ে রান্না করে তা কোনো প্রতিবেশী বা কাছের কোনো অভাবী মানুষকে দেওয়া যেতে পারে।
২. রাস্তায় ইফতার বিতরণ : ইফতারের আগ মুহূর্তে রাস্তাঘাটে কর্মজীবী মানুষ, যেমন রিকশাচালক, ভ্যানচালক বা ভাসমান মানুষ, যারা ইফতারের সময় বাসায় পৌঁছাতে পারেন না, তাদের মাঝে পানির বোতল, খেজুর বা ছোট ইফতার বক্স বিতরণ করা যেতে পারে।
৩. ‘ইফতার শেয়ারিং’ বা যৌথ ইফতার : বন্ধুরা বা প্রতিবেশীরা মিলে একটি তহবিল গঠন করে নির্দিষ্ট এলাকার বস্তিবাসী বা অসহায় পরিবারগুলোর কাছে ইফতার পৌঁছে দেওয়া যেতে পারে।
৪. মসজিদে ইফতার পাঠানো : স্থানীয় মসজিদগুলোতে ইফতারের ব্যবস্থা থাকে, সেখানে নিজ বাড়ি থেকে ইফতার তৈরি করে পাঠানোও একটি ভালো উদ্যোগ।
কেন এই উদ্যোগ প্রয়োজন?
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অনেক অসহায় মানুষের জন্য পুষ্টিকর ইফতার জোগাড় করা কঠিন হয়ে পড়ে। সাধারণ মানুষের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোই তাদের মুখে হাসি ফোটাতে পারে এবং সমাজে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। এটি কেবল ক্ষুধা নিবারণ করে না, বরং অসহায় মানুষকে অনুভব করায় যে তারা একা নন।
রমজানের সুপ্ত ভালোবাসা ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে। আসুন, নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে সুবিধাবঞ্চিতদের ইফতারে শামিল হই এবং এই মাসকে প্রকৃত অর্থেই রহমত ও বরকতের মাসে পরিণত করি।

