× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৩:১৬ পিএম

মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে মেসি না সালাহ?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৩:১৬ পিএম

লিওনেল মেসি ও মোহাম্মাদ সালাহ। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি ও মোহাম্মাদ সালাহ। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিশরের লড়াই শুধু দুই দলের জন্যই নয়, ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর জন্যও বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ, বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম একে অপরের বিপক্ষে খেলতে যাচ্ছেন তারা।

তবে ক্লাব ফুটবলে তাদের দেখা হয়েছে এর আগেও। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছেন মেসি ও সালাহ।

প্রথম সাক্ষাৎ হয় ২০১৫ সালে। তখন মেসি খেলতেন বার্সেলোনার হয়ে, আর সালাহ ছিলেন ইতালিয়ান ক্লাব রোমার সদস্য। গ্রুপ পর্বের সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ম্যাচে দুজনের কেউই গোল করতে পারেননি। মৌসুম শেষে অবশ্য মেসি, নেইমার ও লুইস সুয়ারেজকে নিয়ে বার্সেলোনা শিরোপা জেতে।

চার বছর পর, ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আবার মুখোমুখি হয় দুই তারকা। প্রথম লেগে ক্যাম্প ন্যুতে বার্সেলোনা ৩-০ গোলে জয় পায়, যেখানে মেসি করেছিলেন জোড়া গোল। কিন্তু দ্বিতীয় লেগে ইতিহাস গড়ে লিভারপুল। অ্যানফিল্ডে ৪-০ গোলের অবিশ্বাস্য জয়ে ফাইনালে উঠে যায় ইংলিশ ক্লাবটি। তবে সেই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি সালাহ। পরে লিভারপুলই জিতে নেয় শিরোপা।

এবার বিশ্বকাপের মঞ্চে তাদের প্রথম লড়াই। শেষ ষোলোয় ওঠার পথে দুজনই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জেতা ম্যাচে গোল করেন মেসি। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল না পেলেও দারুণ পারফরম্যান্স করেন সালাহ এবং টাইব্রেকারে নিজের শট সফলভাবে জালে জড়ান। সেই জয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় মিশর।

এই ম্যাচটি হয়তো বিশ্বকাপে তাদের শেষ মুখোমুখিও হতে পারে। ৩৯ বছর বয়সী মেসির ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। অথচ চলতি আসরে তিনি দুর্দান্ত ছন্দে আছেন, চার ম্যাচে করেছেন সাত গোল। অন্যদিকে সদ্য ৩৪ বছরে পা রাখা সালাহও পরবর্তী বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এখন দেখার বিষয়, বিশ্বকাপের প্রথম মেসি-সালাহ দ্বৈরথে শেষ হাসি কে হাসেন—বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাকি ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর মিসর।

Link copied!