ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা লঙ্কান শিবিরে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজার ঠিক আগ মুহূর্তে বড় এক দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। স্বাগতিকদের বোলিং আক্রমণের অন্যতম ভরসা, ২৪ বছর বয়সী তরুণ পেসার ইশান মালিঙ্গা বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেছেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগেই তার এই চোট লঙ্কান শিবিরের দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

পাল্লেকেলেতে গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বৃষ্টির কারণে ম্যাচটি বাধাগ্রস্ত হওয়ার পর খেলা পুনরায় শুরু হলে নিজের প্রথম ওভার করতে আসেন ইশান। ওভারের দ্বিতীয় বলে ফলোথ্রুতে নিয়ন্ত্রণ হারিয়ে পিচের ওপর পড়ে যান তিনি। মাটিতে পড়ার সময় বাঁ কাঁধে মারাত্মক আঘাত পান এই পেসার।

আঘাতের তীব্রতা এতটাই ছিল যে, বলটি নিয়ন্ত্রণ হারিয়ে উচ্চতার কারণে ‘বিমার’ হয়ে যায় এবং আম্পায়ার ‘নো বল’ ডাকেন। মাঠে প্রাথমিক চিকিৎসার পর প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকা ইশানকে মাঠ ছাড়তে হয়। 

এরপর তিনি আর বোলিং করতে পারেননি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, তার কাঁধের হাড় সরে গেছে, যা থেকে সেরে উঠতে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের চূড়ান্ত ১৫ সদস্যের দল ঘোষণা না করলেও, নির্বাচকদের ভাবনায় ইশান মালিঙ্গা ছিলেন অবধারিত নাম। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স এবং জাতীয় দলের হয়ে শেষ ৮ ম্যাচে ৮ উইকেট শিকার করে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। বিশেষ করে ডেথ ওভারে তার ইয়র্কার করার ক্ষমতা শ্রীলঙ্কার জন্য তুরুপের তাস হতে পারতো।

বিবৃতিতে লঙ্কান বোর্ড জানিয়েছে, ইশানকে উন্নত চিকিৎসার জন্য কলম্বোতে পাঠানো হয়েছে। সেখানে এমআরআই স্ক্যান শেষে তার চোটের গভীরতা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিশ্বকাপের আগে তার পূর্ণ সুস্থ হওয়া নিয়ে বড় শঙ্কা রয়েছে।