ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:৫২ পিএম
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইটের ম্যাচে গতকাল শুক্রবার এক রোমাঞ্চকর ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আর এই জয়ে কপাল খুলে গেল পাকিস্তানের। 

সুপার এইটে গ্রুপ-২ এর সমীকরণ এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে, যেখানে পাকিস্তানের সামনে সেমিফাইনালের পথটা এখন আর কেবল গাণিতিক হিসাব নয়, বরং নিজেদের সামর্থ্য প্রমাণের মঞ্চ।

রেহান আহমেদ ও উইল জ্যাকসের ব্যাটে ভর করে ইংল্যান্ডের এই জয় পাকিস্তানকে টুর্নামেন্টে টিকিয়ে রাখল। ইংল্যান্ড ইতোমধ্যে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। 

অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের সব ম্যাচ শেষ করে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। এখন কেবল একটি ম্যাচ বাকি—পাকিস্তান বনাম শ্রীলঙ্কা।

পাকিস্তানের সামনে সমীকরণটি আসলে কী?

পাকিস্তানের জন্য সমীকরণটি এখন সহজ কিন্তু বেশ চ্যালেঞ্জিং। সেমিফাইনালে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে কেবল জয় পেলেই হবে না, নিউজিল্যান্ডের বড় নেট রান রেট (+১.৩৯০) টপকাতে হবে বাবর-সালমানদের।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের সামনে বেশ কিছু কঠিন লক্ষ্যও রয়েছে।

পয়েন্ট টেবিলের হিসাব বলছে, পাকিস্তান যদি প্রথমে ব্যাটিং করে তাহলে নিউজিল্যান্ডের রান রেট টপকাতে হলে পাকিস্তানকে বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। 

২০০ রান করলে: শ্রীলঙ্কাকে রুখে দিতে হবে ১৩৫ রানের মধ্যে (৬৫ রানের জয়)।

১৫০ রান করলে: জয় পেতে হবে অন্তত ৬৪ রানের ব্যবধানে।

১০০ রান করলে: জয় পেতে হবে ৬২ রানের ব্যবধানে।

এদিকে, পাকিস্তান যদি পরে ব্যাটিং (রান তাড়া) করে তবে পাকিস্তানকে সেই লক্ষ্য তাড়া করতে হবে অত্যন্ত দ্রুত গতিতে।

১৫০ রানের লক্ষ্য হলে: জয় তুলে নিতে হবে মাত্র ১৩.১ ওভারের মধ্যে

২০০ রানের লক্ষ্য হলে: লক্ষ্য টপকাতে হবে ১৩.৫ ওভারের মধ্যে

১০০ রানের লক্ষ্য হলে: ম্যাচ শেষ করতে হবে ১২.২ ওভারের মধ্যে

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি এখন পাকিস্তানের জন্য শুধু জয়ই প্রয়োজন না! জিততে হবে বড় ব্যবধানে।